
ছাজ্জাত বিশ্বাস , স্টাপ রিপোর্টার:ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে। এবার নিজের উপজেলা রাজাপুর থানায় এ মামলাটি দায়ের করেছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার (২২ নভেম্বর) রাতে মামলাটি নথিভুক্ত হয়। ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলাটিতে। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। প্রসঙ্গত, গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবীনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন (২১ নভেম্বর) সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর প্রাইভেটকার যোগে তার রাজাপুরের বাসার আসার পথে ওই গাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হন।
এ ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা দিতে গেলে তার বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় দায়ের হওয়া প্রথম মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।
















