
মোঃ মাসুম বিল্লাল,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে ইউনিয়নবাসীর জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ১০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শামসুর রহমান বলেন,আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ। এখানে এসে চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করাতে পেরে খুবই খুশি হয়েছি। চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অসংখ্য ধন্যবাদ জানাই।
ফারজানা নামের আরেক নারী রোগী বলেন,এখানে চোখের চিকিৎসা নিতে এসে আমি খুবই সন্তুষ্ট। আমাদের এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা যেন নিয়মিত আয়োজন করা হয়,আয়োজক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমার ইউনিয়নে অনেক দরিদ্র,অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন।
তাঁদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি,আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে অন্তত প্রতি মাসে একটি করে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেব। পাশাপাশি এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব,ইনশাআল্লাহ।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. পরিতোষ বিশ্বাস, এমবিবিএস (DU),ডিএমইউ (Bifum),মেডিকেল অফিসার। এ ছাড়া চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন মোঃ মফিজুর রহমান,পরিচালক (আরএমপি), যিনি ঢাকায় চক্ষুবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত।
আয়োজক বলেন,এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারা এবং তাঁদের পাশে দাঁড়িয়ে সামান্য হলেও উপকার করতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দ ও তৃপ্তির বিষয়।










