
মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মণিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাঈদ। উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত কাবাডি প্রতিযোগিতা। খেলা দেখতে সকাল থেকেই উপজেলা মিনি স্টেডিয়ামে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এবারের চ্যাম্পিয়নশিপে মণিরামপুর উপজেলার ৮টি ইউনিয়নের দল অংশগ্রহণ করছে। অংশ নেওয়া দলগুলো হলো-নেহালপুর ইউনিয়ন, মণিরামপুর সদর ইউনিয়ন, শ্যামকুড় ইউনিয়ন, চালুয়াহাটি ইউনিয়ন,ঢাকুরিয়া ইউনিয়ন, ঝাঁপা ইউনিয়ন, খেদাপাড়া ইউনিয়ন ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন। ৮ দলীয় এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছে শ্যামকুড় ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন, মণিরামপুর সদর ইউনিয়ন ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন। ফলে বিজয়ী চার দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অন্যদিকে প্রথম রাউন্ডে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে নেহালপুর, চালুয়াহাটি, ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়ন। আয়োজকরা জানান, বর্তমান সময়ে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের মাঠমুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেই কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে মণিরামপুরের তরুণ সমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে এবং মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মণিরামপুর থানার এসআই মানিক,এসআই রেজাউল, এসআই ইউসুফ, এসআই ওবায়দুল, এসআই মিলন, পিএসআই হাবিব, এএসআই রুহুল কুদ্দুস, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসানসহ পুলিশ সদস্য,ক্রীড়াপ্রেমী ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











