
মোঃ মেরাজ শিকদার,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ৯ বছর বয়সী বোন সিরজাতুন। আহত শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। এ ঘটনায় তাদের মা আকলিমা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে আকলিমা আক্তার ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে নিজের দুই সন্তানের ওপর হামলা করেন। এতে দুই শিশু গুরুতর আহত হয়।
আহত অবস্থায় শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছরের আশরাফুলকে মৃত ঘোষণা করেন। ছোট্ট শিশুটির মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
অন্যদিকে গুরুতর আহত সিরজাতুনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে কয়েকজন প্রতিবেশী অভিযুক্ত আকলিমা আক্তারকে রশি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাত্র সাড়ে তিন বছরের নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু এবং তার বোনের গুরুতর আহত হওয়ার ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।











