
মোঃ মেরাজ শিকদার,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা, মা সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) উপজেলা হলরুম ও সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, “জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সমৃদ্ধির চেয়েও শিক্ষার সমৃদ্ধি বেশি প্রয়োজন। শিক্ষার মান উন্নত হলে অন্য সব ক্ষেত্রের উন্নয়ন সম্ভব।”
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, নিজেদের সন্তানদের শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পাঠদানের আগে শিক্ষকদের নিজেরাই নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চা করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থী—উভয়কেই মেধার চর্চা করতে হবে।
আহমেদ আযম খান বলেন, বিগত সরকারের দীর্ঘ সময়ে অর্থনীতি, শিক্ষা ও অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এসব ক্ষেত্রে পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইনসহ অন্যরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











