
আশরাফুল আলম, তানোর(রাজশাহী)প্রতিনিধি :
রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রমে তানোরসহ বিভিন্ন উপজেলার দীর্ঘদিন ধরে কর্মরত মূলধারার সাংবাদিকদের উপেক্ষা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানোরের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করা, জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিয়মিত সংবাদ পরিবেশনকারী প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর মনগড়া সাংবাদিকদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং সাংবাদিকতার মানোন্নয়নের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠেছে।
তানোরের সাংবাদিকরা মনে করছেন, পিআইবি একটি রাষ্ট্রীয় ও দায়িত্বশীল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা, পেশাগত যোগ্যতা এবং কর্মরত মূলধারার সাংবাদিকদের অগ্রাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম ঘটেছে, যা অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক বলে মনে করছেন তারা।
সাংবাদিক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ভবিষ্যতে সাংবাদিক সমাজে বিভাজন সৃষ্টি করবে এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ সংকুচিত করবে।
এ ঘটনায় তানোর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তানোরে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা অবিলম্বে পিআইবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত, স্বচ্ছ মানদণ্ডে প্রশিক্ষণার্থী নির্বাচন এবং ভবিষ্যতে মূলধারার কর্মরত সাংবাদিকদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।











