
রবিউল ইসলাম, রাজশাহীঃ
তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়নে রাজশাহীর তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলার সদস্য সচিব কাজী নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিবর ইসলাম, ১৪ নং পশ্চিম ওয়ার্ড বিএনপির সভাপতি মোইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবনম পারভিন শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী নির্মাণে সহায়ক হবে।
কাজী নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি পরিবেশবান্ধব উন্নয়নের দিকনির্দেশনা। ওলামা দলের নেতৃত্বে এ কর্মসূচি তারই একটি বাস্তব উদাহরণ।
শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছ বিতরণ করা হয়।











