
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মো: ওবায়দুল (৫২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের মৃত আ: রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় ২ ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম রাত সোয়া ১২ টায় থানার রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ওবাইদুলকে আটক করে, এ সময় পুলিশের উপস্থিতিতে ১ ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয় । এসময় আটককৃত আসামির কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।















