
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত হলেন সেলিম রেজা (৪৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার মাসু বাদী হয়ে ১২ জনকে আসামি করে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর নামক গ্রামে।
নিহতের স্ত্রী শারমিন আক্তারের অভিযোগ,গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
“ওইদিন আমার স্বামী সেলিম রেজা, আমার ছেলে মো. ইয়াকুব আলী ও আমি বাড়িতে ছিলাম। প্রতিপক্ষরা হঠাৎ এসে বাঁশের লাঠি, কাঠের বাটাম , লোহার রড ও শাবল দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রতিপক্ষরা আমাদের বাড়ি ছেড়ে দিতে বলে এবং হুমকি দেয় যে, যদি আমরা চলে না যাই তাহলে বাড়িঘর ভেঙে ফেলা সহ হত্যার হুমকি দেয়।
১০ ফেব্রুয়ারীর ঘটনার পর ১১ ফেব্রুয়ারি বিকালে আবারও প্রতিপক্ষরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর শুরু করে।
শারমিন আক্তার আরো জানান, “আমরা বাধা দিলে প্রতিপক্ষরা আমাদের ওপর বেধড়ুক মারধর শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী সেলিম রেজা পালিয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষরা লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করে।এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তক্ষরণ হতে থাকে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রেমতলী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি ভোরে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল, একাধিকবার গ্রামবাসী এবিষয়টি আপস মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “আমরা এ ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।











