
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আগামী ২৪ জানুয়ারি থেকে সপ্তাহ ব্যাপী শুরু হচ্ছে মধুমেলা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে সাগরদাঁড়ী মধুমেলার মাঠ ও কপোতাক্ষ নদের উপরে বাঁশের সাঁকো নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
মেলার মাঠ পরিদর্শন কালে মধু মঞ্চের সামনের মাঠে স্থানীয় যুবকদের ক্রিকেট খেলতে দেখে তিনিও তাতে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং সাগরদাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আকরাম হোসেন খান, জেলা যুবদলের সহ-সভাপতি মজনু হুসাইন, মোহাম্মাদ সিরাজ, ৮ নং ওয়াড বিএনপির সভাপতি মনোয়ার তাহের বাবু, সাগরদাঁড়ী বাজার সভাপতি বাবু সুভাষ দেবনাথ, চৌরাস্তা বাজার সভাপতি আব্দুল মতিন মন্টু, সাগরদাঁড়ী এম এম ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান বুলু,ইনাদুল ইসলাম, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোস্তফা কামাল ও আলোক চিত্রশিল্পী তাহেরুজ্জামান তাছুসহ উপজেলা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে উন্মুক্ত ডাকে মেলার মাঠ বিক্রি হয়েছে ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকা। মেলায় থাকছে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, শিশু বিনোদন, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল। মধুমেলার সবকটির ইভেন্টের ডাক পেয়েছেন ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত কবির স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে মধুমেলা। এতে দেশের বিভিন্ন জেলাসহ দেশি বিদেশি দর্শনার্থীদের আগমণ ঘটবে।











