
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে প্রকাশ্য গাঁজা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় মাদক কারবারিদের বেধড়ক মারপিট ও ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবক আহত হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মধু পল্লীর সামনে। আহত সাগরদাঁড়ী গ্রামের আদম আলী মালীর ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, সাগরদাঁড়ী গ্রামের মোসলেম গাজীর ছেলে আসাদুজ্জামান (২৬), এসএম গাজীর রাশেদ গাজী (২৭), অলোক কুন্ডুর ছেলে জয় কুন্ডু, সাজ্জাদ শেখের ছেলে বিল্লাল শেখ (২৪), পরিমাল নাথের ছেলে লক্ষ্যুনাথ সহ একটি চক্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও সেবন করে আসছে। ওদের জন্য এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুবকরা মাদকের দিকে ঝুকে পড়ছে। তাতে করে এলাকায় মাদকের তৎপরতা অনেকটা বেশি। গত বৃহস্পতিবার রাতে সাগরদাঁড়ি মধু পল্লীর সামনে সঞ্জয় দেবনাথ এর চায়ের দোকানের সামনে মাদক কারবারিরা জড়ো হয়। ওইসময় শফিকুল ইসলাম এলাকার ছাত্রদের কাছে মাদক বিক্রি এবং প্রকাশ্য গাঁজা সেবন করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে শফিকুলের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট এবং মাথায় ও কপালে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশংকামুক্ত। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন পরের দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম মালী এবং বাবুর আলী শেখ জানান, দীর্ঘদিন ধরে আসাদুজ্জামান ও রাসেল এর নেতৃত্বে একটি চক্র এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। শুধুমাত্র ওদের কারণে এলাকায় গাঁজা সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীসহ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সেজন্য শফিকুল ইসলাম ওদের মাদক বিক্রি করতে নিষেধ করাই আমাদের চোখের সামনে আসাদুজ্জামান ও রাসেল, লক্ষ্য, জয়, বিল্লাল এবং নাঈমসহ কয়েকজন হামলা চালিয়ে শফিকুলকে বেধড়ক মারধর এবং তার মাথায় ও কপালে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে। আমরা এগিয়ে গেলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। আমরা এই মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, গাঁজা বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে শফিকুল আহত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।হামলায় জড়িতদের গ্রেফতারের জন্যে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












