
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
ভেজাল সার ও কীটনাশক বিক্রি ও মজুদের অপরাধে রাজশাহীর গোদাগাড়ীতে ১ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানচলাকালে ৫ হাজার ৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে।
৭ ই আগস্ট দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় অবস্থিত মেসার্স সারমিন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযানে প্রতিষ্ঠানটির প্রোপাইটর রমজান আলী কে ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযানের সময় রমজান আলীর দোকান থেকে প্রায় ৩,৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মান পরীক্ষায় দেখা যায়, সেগুলোর উপাদান অনুপাতে ঘাটতি ছিল, যা জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।
তিনি আরও জানান, কৃষকদের ঠকানো এবং জমির উর্বরতা শক্তি ধ্বংস করার জন্য যারা ভেজাল সার সরবরাহ করে, তাদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতকে সুরক্ষা দিতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই কৃষকের সঙ্গে প্রতারণা বরদাস্ত করা হবে না











