
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি’বিজড়িত জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
আজ শুক্রবার (৮ আগস্ট) তিনি সাগরদাঁড়ীর ঐতিহাসিক মধুপল্লী পরিদর্শনে আসেন।
সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ সাগরদাঁড়ীতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কেশবপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাবা রেকসোনা খাতুন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ, সাগরদাঁড়ী মধু পল্লীর কাষ্টডিয়ান হাসানুজ্জামান,সাগরদাঁড়ী প্রেসক্লাবের সদস্যগণ।
পরিদর্শনকালে তিনি মহাকবি মধুসূদনের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং মধুসূদন সংগ্রহশালায় সংরক্ষিত নিদর্শনাবলী ও ঐতিহাসিক দলিলপত্র সম্পর্কে খোঁজখবর নেন। মধুসূদন দত্তের জীবন, সাহিত্যকর্ম এবং বাংলার আধুনিক কবিতায় তার অবদান নিয়ে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন।
সিনিয়র সচিব বলেন, “মধুসূদনের স্মৃতিবিজড়িত এই স্থান জাতীয় ঐতিহ্যের অংশ। এর যথাযথ সংরক্ষণ ও উন্নয়নে পরিকল্পনা কমিশন আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।” তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় পর্যায়ে পর্যটন বিকাশে সম্ভাব্য উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।











