
বিএম সাব্বির হাসান,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুরে জমজ তিন পুত্র সন্তানের দুধ কিনতে গিয়ে আর্থিক সমস্যায় বাবা-মা শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর দরিদ্র অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন মণিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের কৃতি সন্তান,মণিরামপুর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মণিরামপুর জিটি ল্যাবের প্রোপ্রাইটর ডাঃ তন্ময় বিশ্বাস। তিনি বুধবার সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের বাবলুর রহমানের বাড়িতে যান। এ সময় গৃহবধূ ডলি খাতুনের কোলে থাকা সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া জমজ তিন নবজাতক শিশুর শারীরিক খোঁজ খবর নেই ও প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি নবজাতক শিশুদের জন্য গুড়া দুধ কেনার জন্য নগদ অর্থ ও ঈদ উপলক্ষে নতুন পোশাক প্রদান করেন এবং ভবিষ্যতে যে কোন চিকিৎসার প্রয়োজনে তিন নবজাতক শিশুদের দায়িত্বভার গ্রহণের কথা বলেন। অসহায় হতো-দরিদ্র দম্পতির পাশে এসে মানবিকতার পরিচয় দেওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। তাৎক্ষনিকভাবে গৃহবধু ডলি খাতুন সন্তোষ প্রকাশ করেন ডাঃ তন্ময় বিশ্বাসের প্রতি।











