
পাইকগাছা খুলনা প্রতিনিধি,
খুলনার পাইকগাছার নড়া নদীর নেটপাটা কেটে তছনছ,বাসা ভাংচুর পুর্বক ৮৪ টি সংখ্যালঘু পরিবারের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও উপজেলার লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু মুছার বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলার লতা ইউনিয়নের রেখামারী বাজারে শ”শ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,তারা ৮৪ টি পরিবার নড়া নদী-১ এর প্রায় ৩০ বিঘার একটি বদ্ধ জলাশয় ২৪ বছর ধরে উন্মুক্ত রেখে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি উল্লেখিত উপজেলা বিএনপির আহ্বায়কের নির্দেশনায় মুছা বাহিনী জলাশয়টি দখলের পায়তারা করে আসছে। যার অংশ হিসেবে মঙ্গল ও বুধবার সকাল-বিকেল খালের বাঁধ,নেট পাটা কেটে তছনছ করে দিয়েছে। ভাংচুর করেছে বাসা। ধরে নিয়ে গেছে মাছ। যাতে ১০ লাখ টাকার ক্ষতি সাধন ও মালামাল লুপটের ঘটনা ঘটেছে।
এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস,শ্যামলী আচার্য,বিমান মন্ডল,বিধান মন্ডল,গুরুদাস মন্ডল, বিদ্যুৎ মালী,দীলিপ মন্ডলসহ অন্যান্যরা।
জলাশয়ের দু-ধারে বসবাসরত ৮৪ টি পরিবারের দাবী বহিরাগত ঐসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ উর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে তিনি কোন কিছুই অবহিত নন। তার বিরুদ্ধে উদ্দেশ্য মুলকভাবে এটা করা হয়েছে। আর যদি কেউ এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকে সে দায়ভার তার নিজের।











