মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে নাতনিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে,সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল হোসেন (৫০) নামের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইমামুল হোসেনের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার ওই কিশোরীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করায় রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
সোমবার রাতে রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের একটি দোকানের পেছনে ইমামুলকে একা পেয়ে রাব্বি,রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইমামুলকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন, পিঠের ডান পাশে গুরুতর আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, নাতনিকে উত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।