সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
শিক্ষা মান উন্নয়নের লক্ষে ও চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান করেছে। ২৩ শে সেপ্টেম্বর ২০২৫ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা চত্বরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ২০০০ হাজার টাকার প্রাইজবন্ড, ১টি সনদপত্র, ২টি বই ও ২টি ফলজ গাছের চারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক মো: জাকিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, গোদাগাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সারওয়ার জাহান, হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।
প্রধান অতিথি :জাকিউল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। গোদাগাড়ী পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের পৌর এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের বৃত্তি তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন, পাশাপাশি আগামীতে এ ধরনের কর্মসূচি আরও গতিশীল করার দাবি জানান অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা।