মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস এর ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে বাছাই সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে বাছাই পর্ব সম্পন্ন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি স্থানে ওএমএস ডিলার নিয়োগের নিমিত্তে মোট ১৯টি আবেদন পড়ে। আজ বৃহস্পতিবার বাছাই করার জন্য লটারীর মাধ্যমে ৬ জনকে চুড়ান্ত বাছাই করা হয়। পৌর এলাকার চেয়ারম্যান পাড়ায় দেলোয়ার হোসেন, মধ্য বাজারে উজ্জ্বল হোসেন, ইসলামপুর মোড়ে আতাউর রহমান, মোমিনপাড়ায় আবুল কাইসার শিরাজ, রেল স্টেশন বজারে নুহু আলম ও দক্ষিণ সাঁকোপাড়ায় শরিফুল ইসলাম লটারীর মাধ্যমে বিজয়ী হন। বাছাই পর্ব শেষে উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন দেশের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করতে নতুন বাছাইকৃত ডিলারগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বাছাইকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, প্রতিযোগি আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।