শেখ মোস্তফা কামাল
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল কেশবপুর উপজেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিন জনকে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কেশবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের মৃত গোলাম রব্বানী'র ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫)।
তাদের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রমাণ পায় প্রশাসন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকারের ভিত্তিতে তাদের এ দণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, মাদক শুধু একজন মানুষ নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেশবপুরে মাদকদ্রব্যের ব্যবহার বা ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, নিয়মিত এমন অভিযান চললে এলাকার যুবসমাজ অনেকটাই রক্ষা পাবে মাদকের ভয়াবহ ছোবল থেকে।