রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
কেশবপুরে অবৈধভাবে সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে চাঁদড়া গ্রামের ফারুক হোসেন সরদার (৩৯) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (১১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত আবু কালাম সরদারের ছেলে ফারুক হোসেন সরদার অবৈধভাবে সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে মাটি কাটছে। এমন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারায় ৫০'হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ফারুক হোসেন সরদার (৩৯) কে ৫০'হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।