
চলে যাবো সংগোপন ব্যথা রেখে
আসাদ উল্লাহ
সংগোপন সকল ব্যথা রেখে চলে যাবো একদিন একা, তখন-
পড়ে থাকবে পথে পাণ্ডুর ঘাস- বিবর্ণ বৃক্ষের ঝরা পাতা-
হয়তো একদলা বিষণ্ন হাওয়া- কে জানে থাকবে কি না হলুদ ভেজা চোখ কারো।
ব্যর্থ মানুষ এক- নাড়াবো না আর কারো দরোজায় স্বপ্ন উতল কড়া
স্বজন উৎসবে ফাগুনের রঙ মেখে বারো মাস উড়াউড়ি করুক মধুর কোকিল
গান গেয়ে তোমাদের ছাদে , অবাঞ্ছিত পাখি এক বহুদূর দেশে একাকি থাকুক।
চলে যাবো জনহীন প্রান্তরের মৌন ব্রত আওয়াজ তুলে যেরকম চলে যায়
রৌদ্রের দিন চোরকাঁটা বনে সন্ধ্যার অনুরাগ ফেলে ঘন অন্ধকারে।
পৃথিবীর দেশে দেশে পথে পথে নিভে যাওয়া আলোর করুণ কঙ্কাল
নিহত গোলাপ আর রক্তাক্ত হরিণের আর্তনাদে উল্লসিত একদল শুয়র,
ইউরোপ আমেরিকা মিয়ানমার ইথিওপিয়া ফিলিস্তিনে এখন আর সূর্য উঠে না
ঘন বনের বুক চিরে ছোটাছুটি করে ঝনঝনে আদিম হাতিয়ার নিয়ে উলঙ্গ ঈগল-
এইসব উদগ্র সুর হতে ভেসে আসে শান্তি লালিত মানুষের পরাজয়
ভেসে আসে বেদনার রঙ- নীলের নখে চড়ে প্রেমবিবর্জিত সময়ের প্রলয়।