সেই প্রাচীন কাল থেকেই আমাদের দেশে এই মশলাটির গুরুত্ব অপরিসীম। শুধু যে রান্নায় হলুদ ব্যবহার করা হয় তাই নয়, সুন্দর ত্বক পেতে হলুদের প্যাক মাখারও চল রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রোজ সকালে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে নানা শরীরিক উপকার মিলবে। ফল পাবেন হাতেনাতে।
শরীর সুস্থ রাখতে এক কুঁচি কাঁচা হলুদের কোনও বিকল্প হয় না। সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই কারণেই তো করোনাকালে হলুদের দাম বেড়ে গিয়েছিল কলকাতার বাজারে। হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে তা শরীরকে রোগ মুক্ত রাখে৷ তাই তো করোনার সময়ে নিজেকে সুস্থ রাখতে, সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ইমিউনিটি বাড়লে যে কোনও রোগই আপনাকে সহজে কাবু করতে পারবে না।