যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে।
তাদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়।
বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে।